কিশোরগঞ্জের মিঠামইনের নদীতে মাছ ধরতে গিয়ে মো. মোকারম হোসেন (২৫) নামে একজন যুবক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
আজ ১০ জুন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নির্মানাধীন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের পূর্বপাশে ঘোড়াউত্রা নদীতে নিখোঁজ হন মো. মোকারম হোসেন।
পরে স্থানীয়রা মিঠামইন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। এ ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, নিখোঁজ যুবক কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান স্টেশন অফিসার আবুজর গিফারী।







