বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কারের পাশে থাকার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারের জন্য ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশ পুনর্গঠনে অন্তবর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সহায়তায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার বা প্রায় ৪২ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
এর মধ্যে নতুনভাবে দেওয়া হচ্ছে প্রায় ২৪ হাজার কোটি টাকা। আর আগের ঋণ সহায়তা থেকে ১৮ হাজার কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ পুনর্গঠনের সংস্কার খাতে। বৈঠকে ড. ইউনূস তার সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান।
বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অজয় বঙ্গ জানিয়েছেন যে বাংলাদেশকে বিশ্বব্যাংক ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার এই অর্থ বছরে দিতে পারবে।







