দীর্ঘ ২৭ বছর পর দেশে ফিরলেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্নের দ্বিতীয় ছেলে ভাচারেসর্ন ভিভাচরাওংসে। ফিরেই তিনি সুবিধাবঞ্চিত পরিবারগুলোর শিশুদের জন্য একটি পরিচর্যাকেন্দ্র পরিদর্শন করেন।
গালফ নিউজ জানিয়েছে, ৪২ বছর বয়সী ভাচারেসর্ন ভিভাচরাওংসে এমন সময় দেশে ফিরলেন যখন থাই রাজপরিবার একটি কঠিন সময় পার করছে। ফিরেই তিনি রাজপরিবার দ্বারা পরিচালিত ‘স্লাম চাইল্ড কেয়ার’ ফাউন্ডেশন পরিদর্শন করেন এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানান।
ভাচারেসর্ন বলেন, আমি ফিরে আসতে পেরে আনন্দিত। আমি দীর্ঘ ২৭ বছর ধরে দূরে ছিলাম। এটা যেন স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসা।
ভাচারেসর্ন নিউইয়র্কের একটি আইন সংস্থায় কাজ করেন। রাজা ভাজিরালংকর্নের দ্বিতীয় স্ত্রী, সুজারিনি বিভাচরাওংসে এর চার ছেলের মধ্যে ভাচারেসর্ন দ্বিতীয়। ১৯৯৬ সালে সুজারিনির সাথে ভাজিরালংকর্ন এর বিবাহবিচ্ছেদ ঘটে।
ভাচারেসর্নের কোনো রাজকীয় উপাধি নেই। ১৯৯৬ সালের বিবাহবিচ্ছেদের ঘটনার পরে তিনি, তার মা, তিন ভাই এবং এক বোন আলাদা হয়ে যান। তখন তার মাকে ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করা হলে তারা সবাই দেশের বাইরে চলে যান।








