বহিরাগতদের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মত চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ১৬টি ঘাটে সাম্পান মাঝিদের ধর্মঘট ও বৈঠা বর্জন কর্মসূচি চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছে দুই পাড়ের হাজার হাজার মানুষ।
গতকাল সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে ধর্মঘট শুরু করেন তারা। এতে বিপাকে পড়েছেন দুই পাড়ের অন্তত তিন শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গার্মেন্টস, ডক ইয়ার্ডসহ বিভিন্ন শিল্পকারখানার কর্মরত শ্রমিক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব নৌযানও চলাচল বন্ধ করে দিয়েছেন মাঝিরা। দীর্ঘ পথ ঘুরে কর্ণফুলী শাহ আমানত সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে নদী পার হতে আসা যাত্রীদের।
এ বিষয়ে সাম্পান মাঝি কল্যাণ সমিতির সহ-সভাপতি সাহাবউদ্দিন বদি জানান, দীর্ঘদিন ধরে সরকারি ফি পরিশোধ ও নিয়ম মেনে ঘাট পরিচালনা করছে মাঝিরা। এ ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।
সম্প্রতি সিটি করপোরেশন মাঝিদের না জানিয়ে, ঘাট বহিরাগতদের কাছে ইজারা দেয়। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান সাহাবউদ্দিন বদি।








