বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নন অ্যালাইন মুভমেন্টের (ন্যাম) তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ন্যাম শেষ হয়ে যায়নি। আমরা ন্যামের সদস্য আছি।
বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সুইজারল্যান্ড সফর শেষে সদ্য সমাপ্ত সুইজারল্যান্ড সফর ও সাম্প্রতিক কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন: নন অ্যালাইন মুভমেন্ট এখনও সচল আছে। এটা যে বন্ধ হয়ে গেছে তা কিন্তু না। এখনও তো সম্মেলন হয়, অনুষ্ঠান হয়। এটা কিন্তু একেবারে বন্ধ হয়নি। আমরা তো ন্যামের মেম্বার আছি। এটা থাকা দরকারও।
সংবাদ সম্মেলনে সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ সংসদ নির্বাচন ডিসেম্বরের আগে না পরে হবে এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কী এমন পরিস্থিতি হয়েছে যে আপনাদের আশঙ্কা হচ্ছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।
অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর গত ৫০ বছরে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় থাকায় এত উন্নয়ন হয়েছে।
দেশে কোনো অস্বস্তিকর পরিস্থিতি নেই উল্লেখ্য করে তিনি বলেন, দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন যারা সহ্য করতে পারে না, তারাই পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
সুইজারল্যান্ডে চারদিনের সফর শেষে গত শুক্রবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর আগে ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে গত ১৩ জুন চারদিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভা যান তিনি।
এর আগে গত ২৩-২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







