ফেনীর পথে প্রধানমন্ত্রী
উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে রওনা হয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানী অতিক্রম করেছে। ফেনীতে দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর দেড়টায় ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।
দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন তারেক রহমান। পরে বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদের সম্মানি দেওয়া হবে।
ফেনীর সঙ্গে তারেক রহমানের পারিবারিক সম্পর্কও রয়েছে। তার নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। তার মা প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে গত ২৫ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।






