দাঙ্গার অভিযোগে সেনা কর্মকর্তাদের শাস্তি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে, ছবি দেখাচ্ছে একজন কর্মকর্তা বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাকিস্তানে গত ৯ মে দাঙ্গার সাথে জড়িত অভিযোগে একজন থ্রি-স্টার জেনারেলসহ তিনজন অফিসারকে বরখাস্ত করার পাশাপাশি একজন লেফটেন্যান্ট জেনারেল, তিনজন মেজর জেনারেল, ৭ জন ব্রিগেডিয়ার এবং ১৫ জন অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
সামরিক বাহিনীর এক বিবৃতির বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার (২৬ জুন) পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তবে তিনি যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তাদের নাম উল্লেখ করেননি।
মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিকদের বলেছেন, পিটিআই প্রধান ইমরান খানকে দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর সহিংস বিক্ষোভকারীদের থেকে সামরিক স্থাপনা রক্ষা করতে নিজেদের দায়িত্বের অবহেলার কারণে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, গত ৯ মে সহিংসতার অপরাধীদের এবং সহায়তাকারীদের আদালতে জবাবদিহিতা করতে হবে। ১০২ জন ব্যক্তি আদালতে বিচারের মুখোমুখি হবেন। থ্রি-স্টার জেনারেল এবং ১৫ জন অফিসারের বিরুদ্ধে কার্যক্রম শেষ হয়েছে। দাঙ্গা পরিকল্পনাকারীরা এই পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করেছিল তবে সফল হতে পারেনি।
সেনা কর্মকর্তাদের স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা
আইএসপিআর প্রধান সংবাদ সম্মেলনে বলেন, আমরা অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেলের দুই ঘনিষ্ঠ আত্মীয়, যার মধ্যে একজন তার নাতনি এবং জামাই, একজন অবসরপ্রাপ্ত থ্রি-স্টার এবং টু-স্টার জেনারেলের স্ত্রী এবং দুইজনের জামাইকেও আটক করেছি।
ডিজি আইএসপিআর আরও বলেছেন, সামরিক বাহিনীকে রাজনৈতিক স্বার্থ এবং ক্ষমতার লালসার জন্য এক বছরেরও বেশি সময় ধরে টার্গেট করা হয়েছিল, যেখানে ৯ মে মিথ্যা প্রচার এবং সাধারণ মানুষকে ব্যবহার করে এই দাঙ্গা করানো হয়েছে।
সামরিক আদালতে ১০২টি মামলা
জেনারেল চৌধুরী আরও বলেছেন, ৯ মে এর আগে, পাকিস্তান আর্মি অ্যাক্টের (পিএএ) অধীনে ১৭টি স্থায়ী সামরিক আদালত সারাদেশে কাজ করছিল। ১০২ জন দুর্বৃত্তের সামরিক আদালতে বিচার হচ্ছে এবং তাদের মামলাগুলো দেওয়ানি আদালত থেকে প্রাপ্ত প্রমাণের আলোকে আইন অনুযায়ী স্থানান্তর করা হয়েছে।
অভিযুক্তদের সামরিক বাহিনী দ্বারা বিচার করা হচ্ছে এবং তাদের আইনজীবী রাখার অধিকার এবং উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টে আপিল করার অধিকার আছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও যথাযথ আলোচনার পর সামরিক আদালতের সিদ্ধান্তের যথাযথ প্রক্রিয়াকে বৈধতা দিয়েছে বলেও উল্লেখ করেন।
প্রশ্নোত্তর পর্বে মেজর জেনারেল চৌধুরী বেশ সংযত ছিলেন বলে সংবাদে প্রকাশ। পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সামরিক সংস্থার সাথে সংলাপের জন্য বারবার প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মুখপাত্র বলেছেন, সেনা নেতৃত্ব রাজনৈতিক স্টেকহোল্ডারদের একটি জাতীয় ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।






