বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সিফাত উল্লাহর পরিবারকে দেওয়া সহায়তার ১ লাখ ৫৬ হাজার ১৫০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর চক্রের সদস্য আকাশ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ রহমান বলেন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার মনিটরিং টিম পত্রিকার মাধ্যমে জানতে পারে, কিশোরগঞ্জে শহীদ সিফাতের পরিবার প্রতারণার শিকার হয়েছে। সিফাত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমদাদুল উলূম জামিয়া ইসলামীয়া মাদ্রাসায় পড়তেন। শহীদ হওয়ার পর বিভিন্ন সংগঠন তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়। পরিবারের সদস্যরা সাইবার মনিটরিং ইউনিটে অভিযোগ করেন, গত ৬ অক্টোবর প্রতারক চক্র তাদের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে।
সিআইডি জানায়, চক্রটির সদস্যরা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে কল করে ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারকে অনুদান দেওয়ার কথা বলে। তারপর টাকা দেওয়ার নামে শহীদ পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চায় এবং সুকৌশলে এটিএম কার্ডের তথ্য নেয়। পরে টাকা দেওয়ার সিরিয়াল নম্বরের কথা বলে ওটিপি নিয়ে নেয়। সেই ওটিপির মাধ্যমে প্রতারক চক্রটি কার্ডের টাকা হাতিয়ে নেয়। সাইবার মনিটরিং টিম অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে প্রতারক চক্রকে সনাক্ত করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চক্রটি প্রতারণার টাকা দিয়ে বিভিন্ন অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম থেকে ভুয়া নাম-ঠিকানা ও মোবাইল ফোন নম্বর দিয়ে পণ্য কেনে। গ্রেপ্তারের পর আকাশ বেপারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা ১৪–১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে আসছিলেন।
এটিএম কার্ডের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যা দিয়ে প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে দ্রুত টাকা সরিয়ে নিতে পারে। এজন্য এ সংক্রান্ত তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।







