ল্যাঙ্গুয়েজ একাডেমি বাংলাদেশের যাত্রা শুরু

ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শিক্ষা ও কর্মজীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ল্যাঙ্গুয়েজ একাডেমি বাংলাদেশ।
আজ শনিবার (১০ অক্টোবর) ঢাকায় প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অধ্যাপক, এফএসিডি, সিএবি-এর প্রতিনিধি, উদ্যোক্তা এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো সহজ ও কার্যকর পদ্ধতিতে মানসম্মত ভাষা শিক্ষা দেওয়া, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের ব্যক্তিগত ও পেশাগত লক্ষ্য অর্জনে সহায়তা করা। শুধু বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নয়, দৈনন্দিন জীবন, উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে ইংরেজিতে যোগাযোগের দক্ষতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেবে একাডেমিটি।
ল্যাঙ্গুয়েজ একাডেমি বাংলাদেশ আন্তর্জাতিক মানের শিক্ষা ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে একটি বিশ্বস্ত ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে চায়। নিয়মিত অনুশীলন ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে ভাষাগত বাধা কমিয়ে বাংলাদেশের তরুণদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরির লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ল্যাঙ্গুয়েজ একাডেমি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি দলের পরিচালক তারুন ধাওয়ান এবং ভারতের হেড অব অপারেশনস গৌতম ঘাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।
এদিকে আগামীকাল রোববার দুপুর ১২টার পর ল্যাঙ্গুয়েজ একাডেমি বাংলাদেশের ক্যাম্পাসে আসার কথা রয়েছে বরুণ ধাওয়ানের। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।
শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সহযোগিতায় শিক্ষার্থীদের শেখার সুযোগ বাড়ানো এবং ভবিষ্যৎ সাফল্যের পথে সহায়তা করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় ল্যাঙ্গুয়েজ একাডেমি বাংলাদেশ।





