আন্তর্জাতিকের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দীর্ঘ অভিজ্ঞতা আছে শেন বন্ডের। ইংলিশদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দা হান্ড্রেডের দল বার্মিংহ্যামকে কোচিং করানোর দায়িত্ব বেছে নিলেন নিউজিল্যান্ডের সাবেক পেসার। আগে দলটির কোচ ছিলেন বন্ডের স্বদেশী ড্যানিয়েল ভেট্টরি।
বার্মিংহ্যাম ফিনিক্সের সঙ্গে দুবছরের চুক্তি করেছেন বন্ড। ভেট্টরি দলটি ছেড়েছেন সানরাইজার্স লিডসের দায়িত্ব নেবেন বলে। সেটির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত বোলিং কোচের দায়িত্বে ছিলেন শেন বন্ড। রাজস্থান রয়্যালসের কোচিংয়ে ছিলেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সিডনি থান্ডার ও এসএ টি-টুয়েন্টিতে পার্ল রয়্যালসের হেড কোচ ছিলেন তিনি।
ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১৮ টেস্ট, ৮২ ওয়ানডে ও ২০টি টি-টুয়েন্টি খেলেছেন বন্ড। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে নিয়েছেন ২৫৯ উইকেট।








