দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল, বিক্ষোভের আগুনে ধ্বংস ফ্রান্সের ঐতিহাসিক টাউন হল

ছবি: সংগৃহীত
ফ্রান্সের লিমোজ শহরের ১৪৩ বছরের পুরোনো টাউন হল বিক্ষোভকারীদের দেওয়া আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির ছাদ ধসে নিচের তলাগুলোর ওপর পড়েছে। পশ্চিম অংশ ছাড়া ছাদের বাকি অংশের বড় ক্ষতি হয়েছে। এ ছাড়া ভবনটির বাইরের প্রায় দুই-তৃতীয়াংশ অংশ ধ্বংস হয়ে গেছে। দুই বিশ্বযুদ্ধেও টিকে থাকা এই হল ধ্বংস হলো এই বিক্ষোভে।
শনিবার (১৭ অক্টোবর) জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভের মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় প্রিফেক্ট মরিস বারাত বার্তা সংস্থা এএফপিকে বলেন, ঐতিহাসিক ভবনটির ক্ষয়ক্ষতি সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ‘বিপর্যয়’। তিনি ঘটনাটিকে পরিকল্পিত ভাঙচুর বলে নিন্দা জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এএফপি জানিয়েছে, টাউন হলের বাইরে একটি পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর মুখোশধারী বিক্ষোভকারীরা ভবনটির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে শনিবার গভীর রাতে দমকলকর্মীদের মোতায়েন করা হয়। এ সময় শত শত মানুষ ভবনটিতে আগুন জ্বলতে দেখেন। ঘটনাস্থলে এক পৌর কর্মচারীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। পরে স্থানীয় এক জনপ্রতিনিধি তাকে সান্ত্বনা দেন।
স্থানীয় প্রিফেক্টের ভাষ্য অনুযায়ী, আগুন দেওয়ার সময় ভবনটির ভেতরে জনপ্রতিনিধি, পৌর পুলিশ ও প্রশাসনের কর্মীরা ছিলেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে তিনি জানিয়েছেন।
লিমোজের টাউন হলটি শুধু স্থানীয় প্রশাসনের কার্যালয় নয়, শহরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাও। ১৮৭৯ সালে এর নির্মাণকাজ শুরু হয়। স্থপতি চার্লস-আলফ্রেড লেক্লেরের নকশায় তৈরি ভবনটির স্থাপত্যে রেনেসাঁ-পরবর্তী ধারা ও ফ্রান্সের লুই ত্রয়োদশের আমলের স্থাপত্যশৈলীর মিশ্রণ রয়েছে।
গ্রানাইটের ভিত্তির ওপর নির্মিত ভবনটির সম্মুখভাগে চুনাপাথরের ব্যবহার রয়েছে। এর দেয়ালে মোজাইক পদকে শহরের ইতিহাসের সঙ্গে যুক্ত চার বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। ভবনটির নকশায় প্যারিসের টাউন হলের স্থাপত্যের প্রভাবও রয়েছে।
১৯৭৫ সালে ভবনটির সম্মুখভাগ ও ছাদ ঐতিহাসিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত হয়। ফলে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে এর ব্যাপক ক্ষতি শহরের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
এদিকে, শহরের কেন্দ্রস্থলে কয়েকটি দোকানেও লুটপাট চালানো হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ফ্রান্সজুড়ে চলা বিক্ষোভের মধ্যে বিভিন্ন শহরে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। লিমোজের টাউন হলের ক্ষয়ক্ষতি দেশটির ঐতিহাসিক স্থাপনা ও সরকারি ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



