অভিবাসন বিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল আইয়ের রিয়াজ ইসলাম

অভিবাসন বিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট রিয়াজ ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা নিয়ে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার নতুন ফাঁদ’ শীর্ষক প্রতিবেদনের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।
রাজধানীর তেজগাঁওয়ের হোটেল হলিডে ইনে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রিয়াজ ইসলাম ছাড়াও পুরস্কার পেয়েছেন ঢাকা স্ট্রিমের স্টাফ রিপোর্টার তৌফিক হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মাসুম কামাল এবং সমকালের সিনিয়র সাব-এডিটর শাহেরীন আরাফাত।

সিমস-২ প্রকল্পের আওতায় বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিকের প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ পুরস্কার দেওয়া হয়। তিন সদস্যের জুরিবোর্ডের যাচাই-বাছাই ও মূল্যায়নের ভিত্তিতে পুরস্কারপ্রাপ্তদের মনোনীত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর রনি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিমা জুহুর, পরিচালক মোহাম্মদ আশরাফুল হক, প্রকল্প ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা, প্রকল্প সমন্বয়ক সাজ্জিদ আহমেদ, সদস্য অ্যাডভোকেট ফেরদৌস নিগার, ডিবিএলএ প্রতিনিধি রিফাত আরা সুলতানা এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং ন্যায়বিচার পাওয়ার পথে বাধাগুলো তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব বিবেচনায় এ পুরস্কারের আয়োজন করা হয়।






