স্বাস্থ্য

চ্যানেল আই ও নূরা হেলথের বিশেষ টক শো ‘পরিজনের পরিচর্যা’, প্রথম পর্ব ৯ অক্টোবর

চ্যানেল আই ও নূরা হেলথের বিশেষ টক শো ‘পরিজনের পরিচর্যা’, প্রথম পর্ব ৯ অক্টোবর

ছবি: সংগৃহীত

পরিবারের কেউ অসুস্থ হলে সবার আগে পাশে দাঁড়ান পরিবারের সদস্যরাই। রোগীর চিকিৎসার পাশাপাশি তার দৈনন্দিন পরিচর্যায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বজনেরা। পরিবারের এই পরিচর্যাকারীদের ভূমিকা, প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার গুরুত্ব তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথ যৌথভাবে আয়োজন করেছে চার পর্বের বিশেষ টক শো ‘পরিজনের পরিচর্যা’।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন স্বপনা রেজা এবং সঞ্চালনা করছেন হোসনেয়ারা খন্দকার। প্রথম পর্ব প্রচারিত হবে আগামী ৯ অক্টোবর, শুক্রবার সকাল সাড়ে ১১টায় চ্যানেল আইয়ে।

প্রথম পর্বে আলোচনা হবে পরিজনের পরিচর্যা কী, এর গুরুত্ব কতটা এবং এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা কী বলছে তা নিয়ে। এতে অংশ নেবেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফেরদৌস আরা। কর্মব্যস্ত জীবনের পাশাপাশি পরিবারের সদস্যদের অসুস্থতার সময় পাশে থাকার ব্যক্তিগত অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।

এ ছাড়া আলোচনায় অংশ নেবেন অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুল হক, প্রধান, ক্রিটিকাল কেয়ার অব পিডিয়াটিক বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল। দীর্ঘদিনের চিকিৎসাসেবার অভিজ্ঞতা থেকে রোগীর সেবায় পরিবারের সদস্যদের ভূমিকা এবং পরিচর্যার নানা দিক তুলে ধরবেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের পরিবারগুলোতে পরিজনের পরিচর্যার বাস্তব চিত্র, এ ভূমিকার সামাজিক স্বীকৃতি এবং পরিচর্যার দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের সদস্যদের নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সঠিক জ্ঞান ও দক্ষতার মাধ্যমে হাসপাতালে ও বাড়িতে রোগীর সেবা কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়েও কথা বলবেন অতিথিরা।

বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারই কোনো না কোনো সময় অসুস্থ স্বজনের পরিচর্যার দায়িত্ব পালন করে। ‘পরিজনের পরিচর্যা’ অনুষ্ঠানের লক্ষ্য এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়া এবং প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার মাধ্যমে পরিবারগুলোকে রোগীর পরিচর্যার জন্য আরও প্রস্তুত করার গুরুত্ব তুলে ধরা।

বিষয়:অনুষ্ঠান নূরা হেলথ পরিজনের পরিচর্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…