কোরবানির পশুর হাট থেকে ছুটে এসে রেলসেতুর ওপর উঠে পড়ে একটি গরু। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পর্যটক এক্সপ্রেস ট্রেন।
এ ঘটনায় আধাঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে রেললাইন থেকে গরুটি সরিয়ে নেয়া হলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল ।
বুধবার ১২ জুন সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা রেলসেতুতে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনের পাশে কোরবানি পশুর হাট বসেছে। সেখান থেকে একটি সাদা ষাঁড় গরু ছুটে এসে মেঘনা নদীর ওপর শহীদ হাবিল আব্দুল হালিম সেতুতে উঠে দাঁড়িয়ে থাকে।
এসময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে গরুটি। চালক গরুটি দেখতে পেয়ে হার্ডব্রেক করে ট্রেন থামিয়ে দেন। এতে গরুটি বেঁচে যায় এবং বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। পরে এলাকাবাসী দৌড়ে গিয়ে গরুটিকে সেতুর পাশের রেলিংয়ে সরিয়ে নিলে প্রায় আধাঘণ্টা পর ট্রেনটি সেতু অতিক্রম করে।
এ বিষয়ে ভৈরব স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাধন চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৮টা ৩৩ মিনিটে পর্যটকবাহী ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে। কিন্তু রেলসেতুতে গরু উঠে পড়ায় ট্রেনটি থামানো হয়। পরে গরু সরিয়ে নিলে আধাঘণ্টা পর ট্রেনটি সেতু অতিক্রম করে।








