কিশোরগঞ্জ

বন্ধুদের সাথে আড্ডা দিতে বাড়ি থেকে বের হয় তরুণ, ৫ মাস পর নদীতে মিলল হাড়-কঙ্কাল

বন্ধুদের সাথে আড্ডা দিতে বাড়ি থেকে বের হয় তরুণ, ৫ মাস পর নদীতে মিলল হাড়-কঙ্কাল
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার সীমানায় নরসুন্দা নদী থেকে আরিফ মিয়া ওরফে সালমান (২২) নামের এক নিখোঁজ যুবকের হাড় ও কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬অক্টোবর) দুপুরে নদী থেকে এসব উদ্ধার করা হয়। প্রায় পাঁচ মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন সালমান।

সালমান হোসেনপুর উপজেলার বাসুরচর এলাকার বাসিন্দা। গত ১৮ মে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ মে সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর উপজেলার ইলিছ প্রধান বাজারের মোড়ে সালমানকে সর্বশেষ দেখা যায়। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, প্রতিদিনের মতো কিছু সময় বাইরে কাটিয়ে রাতে বাড়ি ফিরবেন তিনি। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। এরপর আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।

ছেলের সন্ধান না পেয়ে পরদিন হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মো. ফজলুর রহমান। এরপর থেকে সালমানকে উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ পাঁচ মাসেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের সদস্যদের।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে নরসুন্দা নদী থেকে নিখোঁজ ওই যুবকের হাড় ও কঙ্কাল উদ্ধার করা হয়েছে। মামলাটি গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। এ বিষয়ে বিস্তারিত আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

বিষয়:কিশোরগঞ্জ নরসুন্দা নদী নিখোঁজ যুবক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…