জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট পাঁচুর মোড়ে গুলিতে নিহত শিক্ষার্থী নজিবুল সরকার বিশালের মরদেহ প্রায় আড়াই মাস পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের সরকার পাড়ার পারিবারিক কবরস্থান থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জেলা কারাগারের মেডিকেল অফিসার শাহ আলম শোভন, সদর থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন বলেন, আদালতের নির্দেশে শহীদ বিশালের মরদেহ উত্তোলন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানে ময়নাতদন্ত শেষে জানা যাবে আসলে কীভাবে বা কার গুলিতে তিনি নিহত হয়েছেন।









