রাজধানীর হাতিরঝিলে পানিতে ঝাঁপিয়ে পড়া কিশোরী রিয়ার মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের ডুবুরি দল। মেয়ের মৃত্যুর জন্য মা শিউলি খাতুন রিয়ার এক বান্ধবীকে দায়ি করেছেন। ময়না তদন্তের জন্য রিয়ার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আকলিমা আক্তার রিয়া বনানী বিদ্যানিকেতন থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলো।
শনিবার (২২ জুলাই) রাত সোয়া ১১টার দিকে ওই কিশোরীকে পানিতে ঝাঁপ দিতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। এসময় হাতিরঝিল এলাকায় হাওয়াইমিঠাই বিক্রেতা তরুণ নোমান সাথে সাথে পানিতে লাফিয়ে পড়ে কিশোরীকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আধঘণ্টা পর ফায়ার সার্ভিস কিশোরীর মরদেহ উদ্ধার করে।
শুক্রবার বিকেলে রাজধানী ভাটারার বাসা থেকে বের হয় কিশোরী আকলিমা আক্তার রিয়া। প্রথমে বান্ধবীর বাসায় অবস্থান করলেও পরদিন হাতিরঝিলে যান রিয়া। তার পরিবার ভাটারা থানা পুলিশকে জানালে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারে মেয়েটির অবস্থান হাতিরঝিলের পুলিশ প্লাজার কাছে।
রিয়াকে উদ্ধারের চেষ্টাকারী নোমান জানায়, পুলিশকে আসতে দেখেই পানিতে ঝাঁপ দেয় সে। রিয়াকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রেতা নোমানও পানিতে ঝাঁপ দেয়। আকলিমা আক্তার পানিতে তলিয়ে যাওয়ায় সাঁতার কেটে পারে উঠে আসে নোমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে মোবাইলে ফোনে কথা বলার পর ওই কিশোরী পানিতে লাফ দেয়। খবর পেয়ে হাতিরঝিলে ছুটে আসেন মা ও পরিবারের অন্যরা।








