রাশিয়ায় একটি অস্ত্র কারখানা সম্পর্কে গোপনীয় তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মার্কিন সাংবাদিক ইভান গের্শকোভিচের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুপ্তরচরবৃত্তির অভিযোগ আনা হলেও এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির সর্বোচ্চ সাজা ২০ বছরের কারাদণ্ড। এমনকি কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুদণ্ডেরও নজির রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক গের্শকোভিচকে গত সপ্তাহে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহর থেকে আটক করে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি।
ক্রেমলিনের দাবি, তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সুস্পষ্ট প্রমাণ রয়েছে।
তবে তার গ্রেপ্তারে তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। গের্শকোভিচকে গ্রেপ্তারের ঘটনার নিন্দায় শুক্রবার (৭ এপ্রিল) যৌথ বিবৃতি দিয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই সিনেটর।
মার্কিন সাংবাদিককে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্র তার নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ দেয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জারি করা ডিক্রিতে বলা হয়, মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে হবে।
১৯৮৬ সালের পর রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রথম মার্কিন সাংবাদিক হলেন গের্শকোভিচ।










