ভারতের পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির সংলগ্ন একটি শপিং মলে গত রাতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৪০টিরও বেশি দোকান।
বুধবার রাত ৮টার দিকে প্রথম আগুন লাগে মন্দির সংলগ্ন লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সের একটি কাপড়ের দোকানে। এর পরপরই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। আজ ৯ মার্চ সকাল পর্যন্ত অন্তত ৪০টি দোকান আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়।
আগুন লাগার সময় ওই বাজার চত্বরে বহু পর্যটক উপস্থিত ছিলেন। পরে তাদের দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়। বাজার সংলগ্ন হোটেলগুলো থেকেও সরিয়ে নিয়ে যাওয়া হয় পর্যটকদের।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও আশ্বস্ত করেন তারা।
পুলিশ জানায়, পুরীর লক্ষ্মী শপিং কমপ্লেক্সের প্রথম তলার একটি কাপড়ের দোকানে প্রথম আগুন দেখা যায়। তারপর ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। রাত সাড়ে ১০টার মধ্যে প্রায় ৯০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে চলে আসলেও একাধিক দোকানের ভিতরে এখনও ‘পকেট ফায়ার’ রয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। ঘটনায় আহতদের নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এবিষয়ে পুরীর সাব কালেক্টর ভবতরণ সাহু বলেন, আমরা এখনও আগুন লাগার প্রকৃত কারণ জানতে পারিনি। তবে দমকলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই জামাকাপড়ের একটি দোকানে আগুন ধরে যায়। ভিতরে একাধিক দাহ্য পদার্থ মজুত থাকায় তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সটি পুরীর ঐতিহ্যবাহী মন্দিরের কাছেই অবস্থিত। ওই শপিং মলের মধ্যে রয়েছে একাধিক দোকান, রেস্তোরাঁ, পার্লার। একটি হোটেলও রয়েছে ভবনে।







