এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে তেহরান।
বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র এপ্রিল মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে। এর জবাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ থাকবে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, তেলবাহী ট্যাংকার, বাণিজ্যিক জাহাজসহ যেকোনো নৌযান প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার গভীর রাতে পরিচালিত হামলাগুলো ছিল ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাব। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি এলাকায় এখনো কিছু বাণিজ্যিক নৌযান চলাচল করছে এবং মার্কিন যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি সঠিক নয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়। প্রণালি বন্ধের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।







