আন্তর্জাতিক

শপিং মল এলাকায় তরুণ-তরুণী নাজেহাল, ভিডিও ভাইরালের পর আটক কিশোর গ্যাং

শপিং মল এলাকায় তরুণ-তরুণী নাজেহাল, ভিডিও ভাইরালের পর আটক কিশোর গ্যাং

সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে একটি শপিং মলের সামনে ছবি তোলার সময় এক যুগলকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আট কিশোরের বিরুদ্ধে। অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত আট কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের কুর্লার একটি শপিং মলের সামনের বাগানে ছবি তুলছিলেন ওই তরুণ-তরুণী। এ সময় সেখানে থাকা সাত থেকে আটজন কিশোর তাদের উদ্দেশে অশ্লীল মন্তব্য করতে শুরু করে। যুগল এর প্রতিবাদ জানালে তাদের ঘিরে ধরে হেনস্তা ও মারধর করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক কিশোর চপ্পল দিয়ে তরুণকে আঘাত করছে। অন্য একজন লাঠি দিয়ে তরুণীর মাথায় আঘাত করে। এ ছাড়া তরুণকে লাথি মারার দৃশ্যও দেখা যায়। একপর্যায়ে কিশোর দল যুগলকে সিঁড়ি দিয়ে তাড়া করে নিচে নামিয়ে দেয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এবং অভিযোগ দায়ের হলে পুলিশ আট কিশোরকে আটক করে। তাদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হবে।

‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। যুগলকে হেনস্তার ঘটনায় নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপি নেতা কিরিট সোমাইয়া। তিনি জানান, অভিযুক্ত পাঁচ কিশোরের অভিভাবকদের ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে।

বিষয়:আটক কিশোর গ্যাং তরুণ-তরুণী নাজেহাল মুম্বাই শপিং মল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…