মেহেরপুরের গাংনীর মালসাদহে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম(৫৫) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। একই সময়ে আহত হন শামীমার স্বামী ফিরোজ আহমেদ।
সোমবার সকাল সাড়ে ৮ টায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিহত শামীমা ইসলাম তার স্বামী ফিরোজ আহমেদের সাথে মোটরসাইকেলে গাংনীতে প্রশিক্ষণের জন্য আসছিলেন। মালসাদহ ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শামীমা ইসলাম।
ঘটনার পরপরই ড্রাম ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহকারী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে।
গাংনী থানার ডিউটি অফিসার এসআই রাতুল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।







