রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে এক মাস চিকিৎসাধীন অবস্থায় থেকে অবশেষে মারা গেছেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া (১৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, ২১ জুলাই দুর্ঘটনার পর তাসনিয়াকে ভর্তি করা হয়েছিল। তার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
তাসনিয়ার বাবা নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাসনিয়া সকালে মারা গেছে। আমরা এখন বার্ন ইনস্টিটিউটেই আছি।
গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই শিশু। দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হয়।
ঘটনায় আহত ৫৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে ২০ জন মারা গেছেন, ১৪ জন ছাড়পত্র পেয়েছেন এবং এখনও ২২ জন চিকিৎসাধীন।
এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১৪ জন মারা গেছেন এবং একজন চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে।







