ক্রিকেট

লন্ডন থেকে ফেরার পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত

সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে মুখোমুখি হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, বিভিন্ন মিডিয়া তার মুখোমুখি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছুটি কাটাতে পরিবারের সবাইকে নিয়ে দুবাইয়ে আছেন তামিম ইকবাল। চিকিৎসক দেখাতে আগামী সপ্তাহে যাবেন লন্ডনে। ৩১ জুলাইয়ের মধ্যে ওয়ানডে অধিনায়কের দেশে ফেরার কথা। ২৯ জুলাই মিরপুরে শুরু হবে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প।

তামিমকে নিয়ে ফিটনেস বিতর্কের পর নাটকীয় নানা ঘটনা ঘটে গেছে। পরিস্থিতি আপাতত ঠিকঠাক মনে হলেও টাইগার ওপেনারের আগামীর পথচলা কেমন হবে সেটি অনেকটা নির্ভর করছে ফিটনেসের উপরই। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে অনুশীলনে পিঠের চোট ফিরে আসছিল বারবার।

চোটপ্রবণ তামিমের ক্যাম্পে থাকা বিষয়ক এক প্রশ্নে বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বললেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেয়া হবে। তার পরিকল্পনা হল ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার উপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে।’

আফগানিস্তান সিরিজের মাঝপথে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ফেরার ঘোষণাও দেন। তবে ছুটি নেন দেড় মাসের জন্য।

এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপে যাওয়ার ভাবনা বাংলাদেশের। ক্যাম্পের জন্য প্রাথমিক দল ঘোষণা করা হবে শিগগিরই। নির্বাচকদের ভাষায় বিশ্রামে রাখা মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরানোর ব্যাপারটিও এখন আলোচনায়। বিসিবি নির্বাচকদের হাতেই দিয়েছে সিদ্ধান্তের ভার।

বিষয়:এশিয়া কাপ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ জালাল তামিম তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…