মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তার আলোচনা ছিল দারুণ। তবে তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি না সে প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বেইজিংয়ের ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ পরিদর্শনের সময় দুই নেতাকে ধীরগতিতে একসঙ্গে হাঁটতে দেখা যায়। এ সময় একজন গাইড তাদের মন্দির কমপ্লেক্সটির বিভিন্ন দিক ব্যাখ্যা করছিলেন। একসময় প্রতিনিধি দলের অন্য সদস্যরা কিছুটা পেছনে অবস্থান নেন এবং ট্রাম্প ও শি জিনপিং নীল-সোনালি রঙের দৃষ্টিনন্দন স্থাপনার সামনে দাঁড়িয়ে কথা বলেন।
ঐতিহাসিক এই মন্দির কমপ্লেক্সে একসময় চীনের সম্রাটরা ভালো ফসলের প্রার্থনা করতেন।
সেখানে শি জিনপিংকে হাস্যোজ্জ্বল দেখা যায়। অন্যদিকে ট্রাম্প মনোযোগ দিয়ে গাইডের কথা শুনছিলেন। পরে চীনা প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যান, যেখানে দুই নেতা ক্যামেরার সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, আলোচনা কেমন চলছে। জবাবে তিনি বলেন, দারুণ। এরপর আরেক সাংবাদিক জানতে চান, তাইওয়ান প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না। কিন্তু ট্রাম্প আগের কথার ধারাবাহিকতায় বলেন, দারুণ জায়গা, অসাধারণ, চীন খুবই সুন্দর।
পুনরায় তাইওয়ান নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প কোনো উত্তর না দিয়ে সামনে তাকিয়ে থাকেন। একইভাবে শি জিনপিংও নীরব ছিলেন। দুই নেতা মন্দিরের সিঁড়ির দিকে হাঁটা শুরু করার পর তৃতীয়বারের মতো তাইওয়ান প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তবে তখনও কোনো জবাব দেননি ট্রাম্প।








