তাইজুলের ২০০ উইকেটে তামিমের অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেটার তাইজুল ইসলাম ২০০ উইকেটের মাইলফলক অর্জন উদযাপন করছেন, তার খেলা মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টেস্টে ২০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৪৮ টেস্ট খেলে কীর্তিতে নাম লেখালেন। অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের পোস্ট হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হল-
‘অভিনন্দন তাইজুল ইসলাম।’
‘২০০ টেস্ট উইকেট মানে বাংলাদেশের বাস্তবতায় দারুণ এক অর্জন। ৪৮ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া মানে আরও বড় অর্জন।’
‘দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সবসময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে, দিনের পর দিন, বছরের পর বছর।’
‘আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেল তার। বড় কোনো দলের ক্রিকেটার হলে হয়তো তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো।’
‘তার পরিসংখ্যান বলে, গত ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন সে। তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য এক সম্পদ। আবারও অভিনন্দন তাইজুল। পথের এখনো অনেক বাকি।’





