মাত্র ৩৬ বছর বয়সে চলে গেলেন ‘তারাক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেতা ললিত মনচন্দা। সোমবার (২১ এপ্রিল) ভারতের উত্তর প্রদেশের মেরুটের নিজ বাসা থেকে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।
পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ললিতের মরদেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ধারণা করছে, আত্মহত্যা করেছেন ললিত। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। আবার প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহজনক কোনো কিছু পায়নি।
টিভি শোয়ের পাশাপাশি বেশ কিছু বলিউড সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ললিত। ইদানীং ওয়েব সিরিজেও কাজ করেছেন। তবে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছিলেন ললিত।
অভিনেতার ঘনিষ্ঠরা দাবি জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরে মানসিক চাপ এবং ব্যক্তিগত কিছু সমস্যার সঙ্গে মোকাবিলা করছিলেন অভিনেতা, তবে তার থেকেই এই আত্মহত্যা কি না, সেটা এখনও স্পষ্ট নয়।







