প্রথম রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ ও সুপার টুয়েলভে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল চমক। রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারলেও করেছিল লড়াই। নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে সেই জিম্বাবুয়ে একেবারেই অনুজ্জ্বল। সিকান্দার রাজা ছাড়া হাসেনি কারো ব্যাট। দলটি ১১৭ রানে হয়ে গেছে অলআউট।
বুধবার অ্যাডিলেডে গ্রুপ ২-এর খেলায় টসে জিতে আগে ব্যাট করা জিম্বাবুয়ে পাওয়ার প্লেতে ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে।
দ্বিতীয় ওভারে পল ফন মিকেরেনের বলে বোল্ড হন ওয়েসলি মাধেভেরে। মাত্র ৩ রান করে আউট হন অধিনায়ক ক্রেইগ আরভিন। পেসার ব্রেন্ডন গ্লোভারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।
ষষ্ঠ ওভারে গ্লোভারের বলে জীবন পান রেগিস চাকাভা। ক্যাচ নিতে পারেননি ডাচ উইকেটরক্ষক। চাকাভা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ওই ওভারেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ৫ রানে ক্রিজ ছাড়েন।
চতুর্থ উইকেটে শন উইলিয়ামসের সঙ্গে ৪৮ রান যোগ করে শুরুর বিপর্যয় সামাল দেন সিকান্দার রাজা। ২৩ বলে ৩ চারে ২৮ রান করা উইলিয়ামস ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে জুটি।
খানিকপর মিল্টন শুম্বা বাজে শট খেলে লোগান ফন বিকের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ উপহার দেন। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদ বাড়তে থাকে জিম্বাবুয়ের।
হাল ধরে রেখেছিলেন ২৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪০ রানের ইনিংস খেলা সিকান্দার রাজা। বাস ডে লেডের বল উড়িয়ে মারতে গিয়ে লংঅনে ফ্রেড ক্ল্যাসেনের হাতে ধরা পড়েন। সেখান থেকে তাসের ঘরের মতো ভেঙে যায় জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার।
মিকেরেনের বলে রায়ান বুর্ল বোল্ড হন। লোগান ফন বিকের হাতে ধরা পড়েন ৬ রান করা লুক জঙ্গে। জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১০০ রান।
পরে ৯ রান করে রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি এক রান করে সাজঘরে ফিরলে ১৯.২ ওভারে ১১৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।
নেদারল্যান্ডসের পক্ষে পল ফন মিকেরেন ৪ ওভারে ২৯ রান দিয়ে পান ৩ উইকেট। দুটি করে উইকেট নেন লোগান ফন বিকে, ব্রেন্ডন গ্লোভার ও বাস ডে লেডে।







