মঈন আলির ঝড়, ঢাকাকে ১৮১ রানের লক্ষ্য দিল সিলেট

সিলেট টাইটানসের বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিংই করেছিল ঢাকা ক্যাপিটালসের বোলাররা। তবে ১৯তম ওভারে ঝড় তোলেন মঈন আলি। নাসির হোসেনের এক ওভারে ৩ ছক্কা ও ২ চারে ২৮ রান আদায় করেন ইংলিশ অলরাউন্ডার। তাতেই বদলে যায় ম্যাচের চিত্রপট। বুড়িগঙ্গা তীরের দলটির সামনে বড় সংগ্রহ দাঁড় করেছে সিলেট। জিততে মোহাম্মদ মিঠুনের দলকে করতে হবে ১৮১ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে সিলেট। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮০ রানের সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
সিলেট ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৮ রান করেন আরিফুল ইসলাম। ২৯ বলে ইনিংসটিতে ছিল ৪টি চার। ৩ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩৩ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ৫ চার ও ১ ছক্কায় পারভেজ হোসেন ইমন করেন ২৪ বলে ৩২ রান। শেষ দিকে ঝড় তোলেন মঈন আলী। ২ চার ও ৩ ছক্কায় ৮ বলে ২৮ রান করেন। এছাড়া তৌফিক খান তুষার করেন ২১ বলে ১৭ রান।
ঢাকার হয়ে জিয়াউর রহমান ৩ উইকেট নেন। নাসির হোসেন, সাইফ হাসান ও ইমাদ ওয়াসিম নেন একটি করে উইকেট।





