শিলাজিতের সাথে জমে উঠা বন্ধুত্ব নিয়ে সরব স্বস্তিকা!

শিলাজিত ও স্বস্তিকা একসাথে বসে হাসছেন, বন্ধুত্বের মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
টলিপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে এখন স্বস্তিকা মুখার্জি এবং শিলাজিৎ মজুমদারের প্রেম! যদিও তারা এই সম্পর্কের নাম দিয়েছেন বন্ধুত্ব। তবে অসমবয়সী এই বন্ধুত্বের চর্চা এবার নিজেই উস্কে দিলেন অভিনেত্রী।
এদিন ঘরোয়া গানের আড্ডার ফাঁকে শিলাজিতের সঙ্গে তোলা কিছু ক্যান্ডিড ছবি ফেসবুকে শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা। সেই ছবি ঝাপসা হলেও তাদের সম্পর্কের সমীকরণ কিন্তু স্পষ্ট। ছবির ক্যাপশনে লেখা, ‘চেনা দুঃখ..চেনা সুখ…চেনা চেনা হাসি মুখ’। সঙ্গে একটা লাল হৃদয়ের ইমোজি যোগ করেছেন তিনি।
যার পর থেকে ছবিটির কমেন্ট বক্সে নানান মন্তব্য। একজন স্বস্তিকাকে অভিনন্দন জানালে তিনি পালটা জানতে চান, ‘কী জন্য?’ কেউ আবার এমন সুন্দর কিছু মুহূর্ত নায়িকার সঙ্গে কাটানোর কথা আবদার করে বসেন। কড়াভবে সেই অনুরোধ ফেরান স্বস্তিকা। অনেকে কটাক্ষ করতেও ছাড়েননি।
কেউ লেখেন, ‘আবার নতুন করে শুরু হলো বুঝি।’ কেউ বলছেন, ‘এবার কি বেডরুমের ছবি দেবেন?’ তবে বাজে মন্তব্যকে পাত্তা দিতে নারাজ দুজনেই। জীবনটা নিজেদের শর্তে বাঁচেন তারা।
বন্ধুত্ব হোক কিংবা প্রেম, দুজনের মধ্যকার সব কিছুই এখন জমজমাট। তবে বয়সের ফারাক অনেকটাই। শিলাজিৎ-এর বয়স ৬০-র আশেপাশে। অন্যদিকে স্বস্তিকাও নিজের বয়স নিলে লুকোছাপা করেন না। ১৯৮০ সালে জন্ম স্বস্তিকার। এই বছর ৪৪-এ পা দেবেন তিনি। সেই হিসাবে শিলাজিৎ-এর থেকে বয়সে প্রায় ১৪ বছরের ছোট স্বস্তিকা।
যদিও শিলাজিৎ-এর সঙ্গে স্বস্তিকার প্রথম যখন আলাপ, সেই সময় নায়িকার বয়স ছিল ২২ কি ২৩। মাঝে এক দশকেরও বেশি সময় দুজনের যোগাযোগ ছিল না, হঠাৎ করেই জমে উঠেছে বন্ধুত্ব।
ইদানিং শিলাজিতের গানের আসরে স্বস্তিকার মুখ প্রায়ই দেখা যাচ্ছে। প্রেমচর্চা তার কানে আসেনি এমনটা নয়। স্বস্তিকা বলছে,’সমাজ-স্বীকৃত সম্পর্কের বাইরে কোন সম্পর্ক দেখলেই লোকে নানা কথা বলে। তাতে আমার কিছুই এসে যায় না’।
অজান্তেই যুবতী স্বস্তিকাকে প্রভাবিত করেছিল শিলাজিতের কেয়ার-ফ্রি ব্যক্তিত্ব। লোকের কথায় কিচ্ছু এসে না যাওয়া, জাজমেন্টাল না হওয়ার ভাবনাটা শিলাজিতের থেকে পেয়েছেন স্বস্তিকা, এতদিনে সেই উপলব্ধিই করেছেন অভিনেত্রী। – হিন্দুস্থান টাইমস বাংলা






