ব্যর্থ হয়েছে টপ অর্ডার, মিডল অর্ডার ধুঁকেছে, রান পায়নি ভারতের লোয়ার অর্ডারও। সাউথ আফ্রিকার চার পেসারে যখন একপাশে ধুঁকছিল রোহিত শর্মার দল, অপরপাশে চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছিলেন সূর্যকুমার যাদব। ৩৬০ ডিগ্রি খ্যাত হার্ডহিটারের ৬৮ রানের কল্যাণে শেষ পর্যন্ত লড়ার সংগ্রহ পেয়েছে টিম ইন্ডিয়া।
পার্থ স্টেডিয়ামে ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, লুনগি এনগিডি ও এনরিক নর্টজে— এই চার প্রোটিয়া পেসারের তোপে পড়েন রোহিত-কোহলিরা। দলীয় পঞ্চাশের আগে হট-ফেভারিট দলটি হারায় শুরুর ৫ ব্যাটারকে। ভরসার যোগ্য প্রমাণ দিয়ে যাদব লড়ে সাউথ আফ্রিকাকে দিয়েছেন ১৩৪ রানের লক্ষ্য।
রোববার আগে ব্যাটিং নেয়া ভারতের হতাশার উদ্বোধন হয় চতুর্থ ওভারে। দলীয় ২৩ রানে রোহিত এনডিগিকে ক্যাচ দিলে ইনিংসে ধসের শুরু হয়। রোহিতের ১৪ বলে ১৫ রানের পর ফের নিজের নামের মান রাখতে পারেননি লোকেশ রাহুল। ওপেনিং ব্যাটার ৯ রানে ফিরেছেন এনডিগির ক্যাচ হয়ে। বিরাট কোহলিও পারেননি। ইনফর্ম ডানহাতি ফিরে যান ১১ রান করে, দলের সংগ্রহ তখন ৪১ রান।
চাপ সামলাতে আসা দীপক হুদা ফিরেছেন শূন্য রানে। ছয় নম্বরে নামা হার্দিক পান্ডিয়া ব্যর্থ হয়েছেন। দলীয় ৪৯ রানে ৫ উইকেট হারানো দলকে বাকি পথ একাই টেনেছেন যাদব। এ ডানহাতি ফেরার আগে খেলেন ৬৮ রানের ইনিংস, ৪০ বলের ইনিংস সাজিয়েছেন ৬টি চার ও তিনটি ছক্কায়। বাকিদের আসা-যাওয়ার দিনে ৯ উইকেট হারিয়ে ভারত শেষ পর্যন্ত তুলতে পারে ১৩৩ রান।
দাপুটে পেসে ভারতকে নাকাল করার দিনে সবচেয়ে সফল ছিলেন এনগিডি। ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ ভারতীয় ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। ৪ ওভারে এক মেডেন পাওয়া পারনেল ছিলেন যথেষ্ট কৃপণ, ১৫ রান খরচায় ফিরিয়েছেন দিনেশ কার্তিক, রবীচন্দ্রন অশ্বিন ও ফিফটি হাঁকানো যাদবকে।








