মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনস্থ নির্বাহী কর্মকর্তাদের বরখাস্ত করার সাংবিধানিক ক্ষমতা বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে পৃথক এক রায়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) স্বাধীনতা ও আইনগত সুরক্ষা বহাল থাকার বিষয়টিও স্পষ্ট করেছে আদালত।
এনডিটিভি জানিয়েছে, সুপ্রিম কোর্টের ৬-৩ সংখ্যাগরিষ্ঠ রায়ে ডেমোক্র্যাটপন্থী ফেডারেল ট্রেড কমিশনার রেবেকা স্লটারের করা আপিল খারিজ করা হয়। আদালত বলেন, নির্বাহী বিভাগের অধীন কর্মকর্তাদের অপসারণের ক্ষেত্রে প্রেসিডেন্টের সাংবিধানিক কর্তৃত্ব রয়েছে।
তবে ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে ঘিরে পৃথক মামলায় আদালত ভিন্ন অবস্থান নেয়। ৫-৪ ভোটের রায়ে বলা হয়, ফেডের কোনো গভর্নরকে অপসারণ করতে হলে প্রেসিডেন্টকে যৌক্তিক ও নির্দিষ্ট কারণ দেখাতে হবে। কারণ ছাড়াই বা যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না।
রায়ে আদালত উল্লেখ করেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতির মুদ্রানীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান হিসেবে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা শুধু বাস্তবেই নয়, জনসাধারণের কাছেও দৃশ্যমানভাবে অক্ষুণ্ন থাকা প্রয়োজন। একই সঙ্গে আদালত বলেন, লিসা কুককে আইন অনুযায়ী প্রাপ্য প্রক্রিয়াগত সুরক্ষা দেওয়া হয়নি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার পূর্ণ সুযোগ নিশ্চিত না করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না।
রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প এটিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। এদিকে, রায়ের প্রতিক্রিয়ায় লিসা কুক বলেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ফেডের স্বাধীনতাকে আরও সুদৃঢ় করেছে এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মুদ্রানীতি পরিচালনার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, সুদের হার কমানোর বিষয়ে অতীতে ট্রাম্প প্রকাশ্যেই ফেডের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। ফেডারেল রিজার্ভের কোনো গভর্নরকে অপসারণের চেষ্টা প্রতিষ্ঠানটির ১১১ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।







