দিল্লিতে মেট্রো-ইন্টারনেট সচল রাখা ও নির্বিচার আটক বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে মেট্রোরেল ও ইন্টারনেট সেবা সচল রাখা এবং নির্বিচার আটক বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
একই সঙ্গে বিক্ষোভ নিয়ন্ত্রণ ও চলাচলে বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সংবিধানের ১৯ (২) অনুচ্ছেদের বিধান মেনে চলার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ১১ অক্টোবর এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ।
বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও অবাধ চলাচলের অধিকার খর্ব করার অভিযোগে দায়ের করা আবেদনের শুনানিতে এসব নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। শুনানির সময় জ্যেষ্ঠ আইনজীবীরা অভিযোগ করেন, শনিবারের বিক্ষোভ চলাকালে পুলিশের অভিযানে আইনজীবীসহ সাধারণ নাগরিকদের চলাচলে বাধা দেওয়া হয়েছে। এ ছাড়া আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগও আদালতে তুলে ধরেন তারা।
আদালত জানান, দিল্লির বিক্ষোভ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন বিচারপতিরা।
বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে রোববারও দিল্লির বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, সকাল ৬টা থেকে পরিস্থিতি বিবেচনায় যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। এ জন্য নয়াদিল্লি ও মধ্য দিল্লির প্রায় ৩০টি স্থানে যান চলাচলে বিধিনিষেধ আরোপের প্রস্তুতি রাখা হয়েছে।
শনিবার জন্তর মন্তরে প্রবেশ বন্ধ করে দেওয়া হলে আন্দোলনকারীদের একাংশ দিল্লি হাট এলাকায় জড়ো হয়। পরে সেখান থেকেও কয়েকজন আন্দোলনকর্মীকে আটক করে পুলিশ।






