আগামী বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম এক বার্তায় এই তথ্য জানান।
গত ৪ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে বলা হয়: ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সকল অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি জরুরী বিষয়ে প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।’
এরপর সোমবার রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা এক বার্তায় জানান, মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে দেশের অধস্তন (নিম্ন) আদালতের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে। আর বুধবার হতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
কিন্তু আজ জানানো হল যে, বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে তবে সীমিত পরিসরে অফিস খোলা থাকবে।







