আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৩ জন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশটির পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কাবুলের শহরতলি এলাকা কালা বখতিয়ারে এ ঘটনায় ঘটে।
সামাজিক মাধ্যম এক্সে সোমবার এক পোস্টে পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানান, ‘আজ বিকেলে শরীরে বিস্ফোরক পরিহিত এক ব্যক্তি এই বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত একজন নারীসহ বিস্ফোরণে অন্তত ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৩ জন।’ এই ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমলেও একেবারে বন্ধ হয়নি।
তালেবান জানিয়েছে, তারা নিরাপত্তার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। তবে এই ধরনের হামলার ঘটনায় তথ্য দিতে কর্তৃপক্ষ দেরি করে বলে অভিযোগ আছে।








