ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত নয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তবে বাকি নিহতদের পরিচয় এখনো স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।
এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এ ছাড়া বাংলাদেশিদের সহায়তার জন্য একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।
পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।










