বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি ঘিরে ভক্তদের উন্মাদনা দিনকে দিন বাড়ছে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া এ ছবিটি নিয়ে ইতোমধ্যে জোর প্রচারণায় নেমেছে এই মহাতারকার ভক্তরা। থেমে নেই বাংলাদেশের শাহরুখ ভক্তরা, তারাও নেমেছেন প্রচার প্রচারণায়।
প্রচারণায় অংশ হিসেবে শুক্রবার ঢাকার স্টার সিনেপ্লেক্সের সামনে একদল শাহরুখ ভক্ত একইদিনে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে থাকেন। ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা সেই দাবি নজরে এসেছে স্বয়ং শাহরুখের।
ফাহিম আজিজ নামে এক শাহরুখ ভক্ত টুইটের সঙ্গে জুড়ে দেন বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে শাহরুখের ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তির দাবির একটি ছবি। ওই দাবিতে অংশ নেয় এক ঝাঁক ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিনিউটি।
সেই টুইটিতে শনিবার শাহরুখ খানের টুইটার থেকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘ধন্যবাদ ছেলেমেয়েরা।’ পরে শাহরুখ হ্যাশট্যাগ ‘জওয়ান’ লিখেছেন।
শাহরুখ ভক্তদের দাবি, এর আগে ‘পাঠান’ মুক্তির কয়েকমাস পরে বাংলাদেশে এসেছে। তারা বলেন, এখন তো আর নিয়মকানুনের বেড়ি নেই, তাই আমরা চাই ‘জওয়ান’ একযোগে বাংলাদেশেও মুক্তি দেয়া হোক।
‘পাঠান’র আকাশছোঁয়া সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে শাহরুখ ভক্তদের আগ্রহ তুঙ্গে। ছবির প্রযোজক শাহরুখপত্নী গৌরী খান। পরিচালনা করেছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে।
‘পাঠান’ বাংলাদেশে পরিবেশনা করেছিল অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি জানান, তিনি চেষ্টা চালাচ্ছেন ‘জওয়ান’ বাংলাদেশে যথাসময়ে মুক্তি দেয়ার।







