নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে প্রথমদিনটা ভালোই কাটিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে ছিল বৃষ্টি বাধা। খেলা গড়ালে লঙ্কানরা সংগ্রহ বাড়াতে পারেনি। মাত্র ৩ রান যোগ করে দিনের শুরুতে গুটিয়ে যায়। পরে ব্যাটে নেমে সুবিধাজনক আসনে বসে দিন শেষ করেছে অতিথি নিউজিল্যান্ড।
বুধবার ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ৩০৫ রানে থেমে যায় তারা। জবাবে নেমে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৫৫ রান তুলেছে কিউইবাহিনী। তৃতীয় দিনে ৫০ রানে পিছিয়ে থেকে ব্যাটে নামবে টিম সাউদির দল। ড্যারিল মিচেল ৪১ রানে এবং টম ব্লান্ডেল ১৮ দিন শুরু করবেন।
আগে ব্যাটে নেমে কামিন্দু মেন্ডিসের ১১৪ রান ও কুশল মেন্ডিসের ফিফটিতে প্রথম দিনে ৭ উইকেটে ৩০২ রান তোলে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে ব্যাটে নেমে শুরুতে অষ্টম উইকেট হারায় লঙ্কানরা। পরে বৃষ্টি নামে গলের আকাশজুড়ে। বৃষ্টি থামার পর খেলা গড়ালে দ্রুত বাকি দুই উইকেট হারায় স্বাগতিক দল। দ্বিতীয় দিনে ৩ রান যোগ করে ৩০৫ রানে থামে লঙ্কান বাহিনী।
কিউইদের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন উইলিয়াম ও’রোর্ক। এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপস নেন দুটি করে উইকেট।
জবাবে নেমে ৬৩ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ফিরে যান ১৭ রান করে। ১৩৬ রানে ফিরে যান টম লাথাম। ৭০ রান করেন কিউই ওপেনার। তিনে নামা কেন উইলিয়ামসন ফিফটি করে আউট হন। ৫৫ রান করেন। ১৮৭ রানে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন ফেরার পর রাচীন রবীন্দ্র ফিরে যান ৩৯ রান করে।
১৯৬ রানে চতুর্থ উইকেট হারানোর পর ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল দিন শেষ করেন। ১০৫ বলে ৫৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন দুজনে।
দ্বিতীয় দিনে লঙ্কানদের হয়ে ধনঞ্জয়া ডি সিলভা দুটি এবং রামেশ মেন্ডিস ও প্রবাথ জয়সুরিয়া ১টি করে উইকেট নেন।








