শ্রীলঙ্কার তরুণ তারকা কামিন্দু মেন্ডিস ২০২৪ সালে ধারাবাহিক পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটে নাম উজ্জ্বল করেছেন। দারুণ বছর কাটিয়ে পুরস্কারও পেলেন। আইসিসির ২০২৪ সালের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক ইশা ওজা হয়েছেন মেয়েদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার।
অন্যদিকে, টানা তৃতীয়বার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। ২০১৯, ২০২২, ২০২৩ সালে এই সম্মাননা পেয়েছিলেন ৬১ বর্ষী ইংলিশম্যান।
তিন সংস্করণ মিলিয়ে পঞ্চাশের উপর গড়ে গতবছর ১,৪৫১ রান করেছেন কামিন্দু। সেরা হওয়ার লড়াইয়ে হারিয়েছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ও পাকিস্তানের সাইম আইয়ুবকে। গতবছর দলের বিপদের সময় একাধিকবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন কামিন্দু।
২০২২ সালে টেস্ট আঙিনায় পা রাখা কামিন্দু গতবছর ফেরেন সংস্করণটিতে। ১০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারের ৯টি ২০২৪ সালে খেলেছেন তিনি। এসময়ে সাদা পোশাকে ১,০৪৯ রান করেছেন বাঁহাতি ব্যাটার। গতবছর টেস্টে হাজার রান করা ৬ ক্রিকেটারের একজন তিনি। বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক-থ্রু এনে দিয়েছেন লঙ্কানদের।
টেস্টের মতো ওয়ানডে ও টি-টুয়েন্টিতেও দলের নিয়মিতদের একজন হয়ে উঠেছেন কামিন্দু। যদিও সাদা বলে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। গতবছর ৬ ওয়ানডেতে একটিও ফিফটি নেই ২৬ বর্ষী তারকার। তবে টি-টুয়েন্টিতে ২০২৪ সালে ১৮ ম্যাচ খেলে ১৬ ইনিংসে দুই ফিফটিতে রান করেছেন ৩০৫, স্ট্রাইক রেট ১২২.৪৮।
এদিকে ২০২৪ সালে আরব আমিরাতের অলরাউন্ডার ইশা সবচেয়ে বেশি সফল ছিলেন ব্যাট হাতে। বছরজুড়ে ২০ ম্যাচে ৪১.৮২ গড়ে এবং ১১১.৭৯ স্ট্রাইক রেটে ৭১১ করেছেন। মেয়েদের ক্রিকেটে পুরো বছরে কেবল দুজন তার চেয়ে বেশি রান করেছেন। তারা হলেন শ্রীলঙ্কার চামারি আথাপাত্তু (৭২০) এবং ভারতের তারকা স্মৃতি মান্দানা (৭৬৩)। ২৪টি টি-টুয়েন্টিতে ১৯.৬৮ গড়ে ইশা শিকার করেছেন ১৬ উইকেট।







