‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বরাদ্দকৃত ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহীতে রেললাইন আটকে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এতে সারাদেশের সঙ্গে প্রায় এক ঘণ্টা রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে তারা রেললাইন থেকে সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে ট্রেনটির ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও, বৈষম্যবিরোধী ছাত্রদের অবরোধে তা সম্ভব হয়নি। জুলাই যোদ্ধাদের বহন করার জন্য যে ট্রেন ভাড়া করা হয়েছিল সেটি পুরানো হওয়ায় তারা আন্দোলন শুরু করে।
সকালেই রাজশাহী স্টেশনে রেল লাইনের উপর বসে ও শুয়ে পড়ে আন্দোলনরত ছাত্ররা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটান। এর ফলে শুধু বিশেষ ট্রেন নয়, সকাল ৭টা ৪০ মিনিটের ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটিও আটকে পড়ে।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, অবরোধের কারণে উভয় ট্রেনই নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ে। পরে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন ট্রেন দেওয়ার মাধ্যমে সমঝোতা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য সিল্কসিটি এক্সপ্রেসে একটি বিশেষ বগি সংযুক্ত করে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
স্টেশন সুপার সাংবাদিকদের জানান, অবরোধের কারণে সরকারি বিশেষ ট্রেনটি প্রায় ৪০ মিনিট বিলম্বে যাত্রা শুরু করে। একইভাবে, সিল্কসিটি এক্সপ্রেসও বিশেষ বগি যুক্ত করে প্রায় ৪০ মিনিট দেরিতে ঢাকার উদ্দেশে ছাড়ে।







