বাংলা গানের জীবন্ত কিংবদন্তী সৈয়দ আব্দুল হাদী-কে বিশেষ সম্মাননা জানাতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ১২ জুন সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই সম্মাননা প্রদান ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটির আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সম্প্রতি একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বাংলা গানকে নিজস্ব কণ্ঠমাধুর্য, শিল্পনিষ্ঠা এবং অনবদ্য পরিবেশনার মাধ্যমে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে।
বাংলাদেশের আধুনিক গানের স্বর্ণযুগকে যাঁরা সমৃদ্ধ করেছেন, তাঁদের অন্যতম সৈয়দ আব্দুল হাদী। তার কণ্ঠের গভীরতা, আবেগময় পরিবেশনা এবং সুরের মাধুর্য প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করেছে।
আব্দুল হাদীকে নিয়ে ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খ্যাতির শিখরে অবস্থান করেও সৈয়দ আব্দুল হাদী বরাবরই ছিলেন প্রচারবিমুখ ও অনাড়ম্বর। তিনি প্রমাণ করেছেন, প্রকৃত শিল্পীর শক্তি আত্মপ্রচারে নয়, আত্মনিবেদনে। শুধু সংগীতে অবদানের জন্যই নয়, একজন মানুষ হিসেবে তার জীবনদর্শন ও মূল্যবোধের প্রতিও শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বরেণ্য শিল্পীরা উপস্থিত থাকবেন। বিশেষ এই আয়োজনের মাধ্যমে বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্রের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হবে।







