লিস্ট ‘এ’ ক্রিকেটে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদের অভিষেক হয়েছে। ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৭ বছর বয়সী বাঁহাতি চায়নাম্যান স্পিনার দুটি উইকেটও নিয়েছেন। প্রতিপক্ষ দলটির কোচ সানদিদের বাবা সালাউদ্দিন। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে বাবাই ছেলেকে ক্যাপ পড়িয়ে দেন।
ঢাকা প্রিমিয়ার লিগে এবারই প্রথম খেললেন সানদিদ। রূপগঞ্জ টাইগার্সের হয়ে প্রথম বিভাগে খেলার পর ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরেও জায়গা করে নিলেন অল্প বয়সেই।
তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের বিপক্ষে সানদিদ ৬ ওভারে ৪১ রানে দুটি উইকেট নেন।
দেশের ক্রিকেটের সেরা কোচও মনে করায় সালাউদ্দিনকে। একাডেমি, বিপিএল, ডিপিএলে নিয়মিত কোচিং করানো ক্রিকেট কারিগরের ঘরে জন্মেছে ক্রিকেটের বিরল এক প্রতিভা বাঁ-হাতি লেগ স্পিনার। যেটাকে চায়নাম্যান বলা হয়।







