সোনিয়া গান্ধীকে আজ ভারতের গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক বর্তমানে মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ (১৩ মে) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আজ সকালে সম্ভাব্য অস্ত্রোপচারের প্রস্তুতির অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী ধরনের অস্ত্রোপচার করা হবে বা তার শারীরিক অবস্থা কতটা গুরুতর সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এদিকে তার স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তাকে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন সোনিয়া গান্ধী। চলতি বছরের মার্চ মাসে তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এর আগের জানুয়ারিতেও শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণের কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়, যা শীত ও বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত বলে জানা যায়। এর আগে ২০২৫ সালেও একাধিকবার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং পেটের সমস্যাজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
একবার তিনি সিমলার একটি হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন বলেও জানা গেছে। ভারতের জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন সোনিয়া গান্ধী। তিনি পাঁচবার লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম শীর্ষ নীতিনির্ধারক ও রাজ্যসভার সদস্য।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি, ফলে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।







