বাংলাদেশ মেয়েদের জাতীয় দলের অফস্পিনার সোহেলী আক্তারকে সবধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির দুর্নীতি বিরোধী পাঁচটি নিয়ম ভঙ্গ করায় মঙ্গলবার তার উপর নিষেধাজ্ঞা আসে। দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গ করার কথা স্বীকার করেছেন ৩৬ বর্ষী সোহেলী আক্তার।
ডানহাতি অফস্পিনার ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে এবং ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি খেলেছিলেন। অপরাধ স্বীকার করে নেয়ায় ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর হবে।
সোহেলীর স্বীকার করে নেয়া আইসিসির দুর্নীতিবিরোধী পাঁচটি ধারা হল ২.১.১, ২.১.৩, ২.১.৪, ২.৪.৪, এবং ২.৪.৭। এ ধারাগুলোতে যেকোনো উপায়ে ফিক্সিংয়ের চেষ্টা করা, ম্যাচের আগে ফিক্সিংয়ের উদ্দেশ্যে কারও থেকে কোনো পুরস্কার বা অন্যকিছু গ্রহণ করা, আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের (আকসু) কাছে তথ্য প্রকাশে অপারগতা এবং অনুসন্ধানে কোনো ধরনের দেরি বা বাধা সৃষ্টির মতো অপরাধ।
সোহেলী আক্তারের বিরুদ্ধে এ অভিযোগ ২০২৩ সালে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ সময়ের। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সাউথ আফ্রিকায় হওয়া ওই বিশ্বকাপের দলে থাকা লতা মণ্ডলকে ফিক্সিংয়ের জন্য বলেছিলেন। সেই অভিযোগ অস্বীকার করে সোহেলী বলেছিলেন ভুল বোঝাবুঝি হয়েছে।







