‘জনসেবার সুযোগ সব সময় পাওয়া যায় না’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে সোহেল রানার আহ্বান

দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতে সক্রিয় ছিলেন সোহেল রানা। এখন সিনেমা না করলেও সামাজিক নানা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব দেখা যায় এই অভিনেতাকে।
দেশজুড়ে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরে এডিস মশার প্রজননস্থল পরিষ্কারে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরুর আহ্বান জানিয়েছেন বাংলা সিনেমার ড্যাশিং নায়ক ও প্রযোজক সোহেল রানা।
বুধবার দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে সোহেল রানা বলেন, দেশের মানুষের সেবা করার সুযোগ সব সময় আসে না। তাই নিজ নিজ এলাকার নেতাকর্মীদের নিয়ে যেসব স্থানে এডিস মশা জন্মাতে পারে, সেসব অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারে এগিয়ে আসা উচিত।
সোহেল রানার ভাষ্য, এ ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখা সম্ভব, অন্যদিকে মানুষের সঙ্গে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ততাও বাড়বে।
সোহেল রানা বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। এ সময় রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়নপ্রত্যাশীদের জন্য জনসেবামূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। মাইকিং করে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কিশোরদের সম্পৃক্ত করে দেশজুড়ে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালান।
সোহেল রানার ভাষ্য, এ উদ্যোগ মানুষের কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি জনসাধারণের কাছে নিজেদের দায়বদ্ধতা ও সাংগঠনিক অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি করতে পারে। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে ঝাঁপিয়ে পড়তে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।






