ক্যানসারে আক্রান্ত নাট্যকার মাতিয়া বানু শুকু আইসিইউতে

ক্যানসারে আক্রান্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শনিবার (২১ নভেম্বর) সকালে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
এর আগে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
মাতিয়া বানু শুকুর দাম্পত্যসঙ্গী ও নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তার প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। বর্তমানে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন দিতে হচ্ছে তাকে। তিনি সচেতন থাকলেও শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা।
এই দম্পতির ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, চিকিৎসার পরবর্তী পদক্ষেপ এবং লাইফ সাপোর্টের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে।
এদিকে চিকিৎসার ব্যয় নিয়েও দুশ্চিন্তায় রয়েছে পরিবার। বর্তমানে যে হাসপাতালে তার চিকিৎসা চলছে, সেখানে খরচ অনেক বেশি। তাই শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), কমিউনিটি হাসপাতাল অথবা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের বিষয়টি ভাবছে পরিবার।
এর আগে মাতিয়া বানু শুকুর চিকিৎসার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতা চেয়েছিল তার পরিবার। দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে আর্থিক সংকটে পড়ার কথাও জানিয়েছিলেন নূরুল আলম আতিক। তিনি দেশবাসীর কাছে স্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। নাট্যকার ও পরিচালক হিসেবে তার কাজের মধ্য দিয়ে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন ও সমাজবাস্তবতার নানা দিক। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।
চলচ্চিত্র প্রযোজক হিসেবেও রয়েছে তার সাফল্য। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।






