দীর্ঘ ১০ বছর ধরে সুখে সংসার করছেন বলিউডের তারকা জুটি সোহা আলি খান ও কুণাল খেমু। তাদের ঘরে এক কন্যা সন্তানও রয়েছে। কিন্তু এক সময় এই সম্পর্ক তৈরি করতে বহু কাঠখড় পোড়াতে হয়েছিল।
ভিন্নধর্মে বিয়ের জন্য কটাক্ষ ধেয়ে আসে সোহা এবং কুণালের দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।
দীপাবলি ও হোলি উদযাপনে কুণালের সঙ্গে যোগ দেন সোহা। সেই সব ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি। এসব ছবির জন্যই কটাক্ষের শিকার হতে হয় সোহাকে। মুসলিম হিসাবে তিনি কতটা ভাল এবং রমজানের সময় তিনি রোজা রাখেন কি না, এই সব প্রশ্ন ধেয়ে আসে তার দিকে। তবে এই ধরনের মন্তব্য কোন প্রভাব ফেলে না সোহার উপরে।
অভিনেত্রী এই প্রসঙ্গে বলেন, “আমার গায়ের চামড়া মোটা হয়ে গিয়েছে। আমার কিছু যায়-আসে না। কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাই। আমি কিছু পোস্ট করলেই লোকজন আমার ধর্ম নিয়ে কথা বলতে শুরু করে দেন। তার কারণ আমি একজন হিন্দুকে বিয়ে করেছি। আমার মায়েরও হিন্দু পদবি। তিনি একজন মুসলিম পুরুষকে বিয়ে করেছিলেন।”
ধর্ম নিয়ে কটাক্ষের বিষয়ে অভিনেত্রী বলেন, “দীপাবলিতে আমি কিছু পোস্ট করলেই নেটিজেনরা প্রশ্ন করেন, ‘আপনি কেমন মুসলিম? রমজানে ক’টা রোজা রাখেন?’ তবে এই সবে আমার কিছু যায়-আসে না। কিন্তু আমি সবই লক্ষ করি।”
২০০৯ সালে ‘ঢুন্ডতে রেহ যাওগে’ ছবিতে অভিনয় করার সময় থেকে প্রেম শুরু সোহা ও কুণালের। ২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন তারা।







