বাংলাদেশ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদের মা মারা গেছেন, বিএনপির শোক

অভ্যন্তরীণ ছবি, বৃদ্ধ মহিলার মুখের ছবি, চশমা পরা, বাংলাদেশি মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ডা. জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী প্রয়াত মো. জাফর আলী সরকারের স্ত্রী বেগম জেবুন নেসা একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা ছিলেন।

উল্লেখ্য গতবছর ২০২৫ সালের ১৫ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি ও ছাত্র ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন তিনি।

বুধবার বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে ময়মনসিংহের গুলকি বাড়িতে স্বামীর করবের পাশে তাকে দাফন করা হবে।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিএনপি মিডিয়া সেল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) নেতৃবৃন্দের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।

বিষয়:ডা. জাহিদ হোসেন মা মারা গেছেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…