বছর দুয়েক আগে ‘সিক্স প্যাক’ বানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আরিফিন শুভ। সুঠাম দেহের এই নায়ক জানিয়েছিলেন, ‘মিশন এক্সট্রিম’ ছবির দুই পার্টের জন্য তিনি সিক্স প্যাক বানানোর মতো অসাধ্য সাধন করেছিলেন। গেল বছর ওই ছবি মুক্তি পেলেও শুভর ‘সিক্স প্যাক’ দেখতে পায়নি দর্শক।
তবে ‘মিশন এক্সট্রিম’ পার্ট-টু (ব্ল্যাক ওয়ার) ছবিতে দেখা যাবে শুভর কাঙ্ক্ষিত সেই সিক্স প্যাক! দীর্ঘ ৯ মাসের হাড়ভাঙা পরিশ্রমের ফল সিক্স প্যাক দেখিয়ে বছর শুরু হতে যাচ্ছেন এ নায়ক। শুধু তাই নয়, সঙ্গে শুভর ভক্তদের জন্য যোগ হয়েছে নতুন খবর। তিনি নতুন একটি ওয়েব ছবি করছেন।
নাটকের জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় শুভর এই ওয়েব ভিত্তিক ছবির নাম ‘উনিশ ২০’। যেখানে শুভর বিপরীতে থাকছেন আফসানা বিন্দু। সম্পূর্ণ রোম্যান্টিক ধারার গল্পে নির্মিত এই ছবিটি চরকি অ্যাপে মুক্তি পাবে আগামী বছরের ভালোবাসা দিবসে।

৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শুভর ‘ব্ল্যাক ওয়ার’। এই ছবিতে চৌকশ পুলিশ অফিসারের চরিত্র করতে ও বডি ট্রান্সফর্ম করতে ৯ মাস সময় নিয়ে ৯৪ কেজি থেকে ৮২ কেজিতে এসেছেন তিনি। পাশাপাশি চরিত্রের সঙ্গে মিশে যেতে পুলিশের ট্রেনিং ও খুঁটিনাটি জানতে সময় নিয়েছিলেন আরও ছয়মাস।
ছবির পরিচালক সানী সানোয়ার জানান, মিশন এক্সট্রিম ও ব্ল্যাক ওয়ার দুই ছবির শুটিং হয়েছে একসঙ্গে। প্রস্তুত হতেই শুভ দেড় বছর সময় নেন।
ইতোমধ্যেই শুভ তার জায়গা থেকে ছবির প্রচারণা শুরু করেছেন। সম্প্রতি একটি ইভেন্টে গিয়ে তিনি উপস্থিত দর্শকদের হলে গিয়ে ‘ব্ল্যাক ওয়ার’ দেখার আমন্ত্রণ জানান। সেই সঙ্গে ইয়ুথ দর্শকদের উদ্দেশ্যে তাদের গার্লফ্রেন্ড নিয়ে হলে গিয়ে এই ছবি দেখার আহবান জানিয়েছেন।

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে ফয়সাল আহমেদ। শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন তাসকিন, ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস প্রমুখ।
কদিন আগে প্রকাশ হয় ‘ব্ল্যাক ওয়ার’-এর টিজার। প্রকাশিত টিজারটি দেখে নড়েচড়ে বসেছেন দর্শক। বছরের শুরুতেই এ ছবি দিয়ে ধাক্কা দিতে পারেন আরিফিন শুভ, এমনটাই ধারণা করছেন নেটিজনরা। তারা বলছেন, নতুন বছরের প্রথম আলোচিত ছবি হতে পারে আরিফিন শুভ ‘ব্ল্যাক ওয়ার’।







