ইন্দোনেশিয়ার আগুনে ধোঁয়ায় ঢেকেছে সিঙ্গাপুর, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ছবি: সংগৃহীত।
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুর এখন বিশ্বের অন্যতম দূষিত শহর। এল নিনোর প্রভাবে এই অঞ্চলের আবহাওয়া আরও শুষ্ক হয়ে উঠেছে। ফলে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
দাবানল থেকে আসা ধোঁয়ায় সিঙ্গাপুরের বায়ুদূষণের মাত্রা বেড়ে স্বাস্থ্যঝুঁকির পর্যায়ে পৌঁছেছে। দেশটির পাঁচটি অঞ্চলেই বাতাসের মান অস্বাস্থ্যকর রেকর্ড করা হয়েছে।
ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সির (আইকিউএয়ার) মতে, ২০১৯ সালের সেপ্টেম্বরের পর এমন ঘটনা এই প্রথম।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুর এখন বিশ্বের শীর্ষ দশ দূষিত শহরের একটি। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার রাজধানীও এই তালিকার ওপরের দিকে রয়েছে।
শুষ্ক মৌসুমে ইন্দোনেশিয়াকে প্রায়ই দাবানলের মোকাবিলা করতে হয়। তবে এবছর অগ্নিকাণ্ডের কেন্দ্র বা হটস্পট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
বন মন্ত্রণালয়ের ফায়ার মনিটরিং প্ল্যাটফর্ম সিপোঙ্গির মতে, আগস্টে ৯ হাজারের বেশি হটস্পট (স্যাটেলাইটে শনাক্ত ভূপৃষ্ঠের উচ্চ তাপমাত্রা শনাক্ত হওয়া স্থান) রেকর্ড করা হয়েছে। এটি সম্ভাব্য আগুনের স্পষ্ট ইঙ্গিত দেয়। সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি হটস্পট রেকর্ড করা হয়েছে।
আসিয়ান স্পেশালাইজড মেটিওরোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আকস্মিক ভাবে আসা এই আবহাওয়া থেকে স্বস্তির কোনো আশা নেই। দক্ষিণ-পূর্ব এশিয়ার দক্ষিণাংশের বিস্তীর্ণ এলাকায় এই শুষ্ক পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি তাদের সবশেষ পূর্বাভাসে একটি সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, এই অঞ্চলে হটস্পট ও ধোঁয়াশা পরিস্থিতি আরও বাড়তে পারে। পাশাপাশি আন্তঃসীমান্ত ধোঁয়াশার ঝুঁকিও অব্যাহত থাকবে।
সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ইন্দোনেশিয়ার কালিমান্তান এবং সুমাত্রা অঞ্চলের বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে ছিল। মূলত এই অঞ্চলগুলোতেই আগুন বেশি ছড়িয়েছে।
মালয়েশিয়াও এই ধোঁয়াশায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আগস্টের শেষের দিকে মালয়েশিয়া সরকার তাদের নেতার বার্ষিক জাতীয় দিবসের ভাষণ ঘরের ভেতরে আয়োজন করতে বাধ্য হয়। চলতি মাসের শুরুতে সারাওয়াক রাজ্যের কিছু অংশে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছিল।
শুষ্কতার কারণে ইন্দোনেশিয়ার বিশাল প্রাকৃতিক সম্পদ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি প্রধান নিকেল কমপ্লেক্সে পানি সরবরাহ কমে গেছে। এছাড়া পাম তেল উৎপাদনও ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
কৃষিজমি পরিষ্কার করতে গাছপালা কেটে পোড়ানোর পদ্ধতিকে এর আগে দাবানলের কারণ হিসেবে দায়ী করা হয়েছিল।
শুকনো ঝোপঝাড় কার্বন-সমৃদ্ধ পিটল্যান্ডেও আগুন ধরিয়ে দিতে পারে। এটি দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে। তাই এটি নেভানো খুব কঠিন হয়ে পড়ে।
ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সি সোমবার জানিয়েছে, বাতাসের দিক পরিবর্তনের কারণে কালিমান্তান থেকে ধোঁয়া সিঙ্গাপুরের দিকে এসেছে। সাথে সুমাত্রার ধোঁয়াশাও যুক্ত হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এই ধোঁয়াশা থাকতে পারে বলে সংস্থাটি ধারণা করছে। এ সময় বাতাসের মান মাঝারি থেকে অস্বাস্থ্যকর অবস্থায় থাকতে পারে।
অ্যাটমোস্ফিয়ারিক জি-টু এর সিনিয়র আবহাওয়াবিদ তাকাহিসা নিশিকাওয়া এক পূর্বাভাসে জানান, আগামী সপ্তাহে সুমাত্রা ও কালিমান্তানের কিছু অংশে বৃষ্টিপাত সামান্য বাড়তে পারে। এটি সাময়িকভাবে আগুনের ঝুঁকি কমাতে পারে। তিনি আরও বলেন, এটি কিছুটা স্বস্তি দিতে পারে। তবে এটি দীর্ঘস্থায়ী বৃষ্টির কোনো লক্ষণ নয়। তাই এই পূর্বাভাসের ওপর খুব বেশি আস্থা রাখা যাচ্ছে না।
ইন্দোনেশিয়ার এই আগুন বিশ্বব্যাপী দাবানলের জন্য ঝুঁকিপূর্ণ বছরগুলোর মধ্যে একটি। সম্প্রতি ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু অংশও দাবানলে বিপর্যস্ত হয়েছে।
ইউএস ক্লাইমেট প্রেডিকশন সেন্টার গত সপ্তাহে জানিয়েছে, বর্তমান এল নিনো ১৯৫০ সালের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।



